ভালোবাসাবাসি
এই রকমই চলুক-না। সাপে নেউলে খুব ভাব। কুকুর বেড়ালেও। সাপের যদি পাঁচটা না হোক দুটো পা-ও বেরোত আর অন্যদের চার পা আলাদা নড়াচড়া করত, তালে গৌরনিতাই দৃশ্য হত। প্রেমের জোয়ারে ভাসছে ঘরবার চরাচর। দুপায়ে হাঁটা জন্তুরাও আলতো নেই, ছোঁয়াচেই আছে। শত্রু-মিত্র ভেদ মুছে গেছে। তুমি আমার মাথায় কাঁঠাল ভাঙো, আমি ভাঙি তোমার মাথায়। রস তো বেরোবে, তুমিও খাবে, আমিও খাব । রসের কোনো জাতবিচার নেই। রসিকরা তা ভালোই জানে।
আমদরবারে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন এখন স্থগিত থাক। মনে মনে প্রদর্শন করো যত ইচ্ছে। কোনো ক্ষতি নেই। কিন্তু সামনাসামনি খালি প্রেম। যদি কোনো হতচ্ছাড়া গজগজ করে; ‘বেহায়া বজ্জাত’ , হাসিমুখে থেকো, শুনেও শুনো না । যা মারবার মেরে যাও । আর প্রেম করো। প্রেমের বন্যায় ভাসি দাও আমদরবার। শত্রুমিত্র ভেদ নেই। লাভ-লাভ-লাভ-লাভ-লাভ মঁসিয়ে ভেরদু।